সড়ক পরিবহন, সেতু, নৌপরিবহন ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, একটি নিষিদ্ধ রাজনৈতিক দলের কার্যক্রম এখনো দৃশ্যমান হওয়া জাতির জন্য ব্যর্থতার বিষয়। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে চান না বলেও জানান।
মঙ্গলবার সকালে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার চর গলগলিয়া এলাকায় ধলেশ্বরী নদীর ওপর নির্মিত রেলসেতুর ঢাকা প্রান্তে বাংলাদেশ রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, জনগণের প্রত্যাশার বিপরীতে অবস্থান নেওয়ার কারণে সংশ্লিষ্ট দলটি জনগণের সমর্থন হারিয়েছে এবং পরবর্তীতে নিষিদ্ধ হয়েছে। তার ভাষ্য, রাজনৈতিক দলের বৈধতা জনগণের সমর্থনের ওপর নির্ভরশীল এবং জনগণ দলটিকে প্রত্যাখ্যান করেছে।
সৌরবিদ্যুৎ উৎপাদন প্রসঙ্গে তিনি জানান, বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি সংস্থার আওতাধীন অব্যবহৃত জমি চিহ্নিত করে সেখানে সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশেষ করে তিন একরের বেশি আয়তনের জমিতে সোলার প্যানেল স্থাপন করে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
মন্ত্রী বলেন, এসব প্রকল্প থেকে উৎপাদিত বিদ্যুৎ স্থানীয়ভাবে ব্যবহার করার পাশাপাশি জাতীয় গ্রিডেও সরবরাহ করা হবে।
অনুষ্ঠানে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মো. মেনহাজুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।