প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ ও স্পেনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো উন্নয়ন, পর্যটন, কৃষি, শিক্ষা, প্রযুক্তি এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। স্পেনের রাষ্ট্রদূত বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, বিনিয়োগবান্ধব পরিবেশ এবং কৌশলগত অবস্থানের প্রশংসা করেন।
তিনি উৎপাদনশিল্প, নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো ও প্রযুক্তিখাতে স্পেনের বিনিয়োগ ও বাণিজ্যিক সম্পৃক্ততা বৃদ্ধির আগ্রহ প্রকাশ করেন।
হুমায়ুন কবির বাংলাদেশ ও স্পেনের মধ্যে অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতার ক্রমবর্ধমান ধারা উল্লেখ করে স্পেনের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।
তিনি বলেন, বাংলাদেশ বিদেশি বিনিয়োগের জন্য একটি স্থিতিশীল ও সম্ভাবনাময় গন্তব্যে পরিণত হয়েছে এবং সরকার বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে সহযোগিতা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন এবং বাংলাদেশ-স্পেন সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করার আশাবাদ ব্যক্ত করেন।