পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনোই একসঙ্গে চলতে পারেনি। একই সঙ্গে তিনি বিএনপি সরকারের পক্ষ থেকে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
মঙ্গলবার (১৬ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) যৌথ উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বিএনপি কোনো বিপ্লবী দল নয়; এটি একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল, যা সকল শ্রেণি-পেশার মানুষকে ধারণ করে। তিনি বলেন, বর্তমান সরকার সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে কাজ করছে এবং বন্ধ হয়ে যাওয়া গণমাধ্যমগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
তিনি আরও অভিযোগ করেন, অনেক সংবাদমাধ্যম মালিকপক্ষ বিভিন্ন কারণে সাংবাদিকদের চাকরিচ্যুত করছে, যা উদ্বেগজনক। এ বিষয়ে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
স্থানীয় সরকার মন্ত্রী হিসেবে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, বিএনপি যখনই রাষ্ট্রক্ষমতায় ছিল, তখন সংবাদমাধ্যম তুলনামূলকভাবে বেশি স্বাধীনতা ভোগ করেছে। একই সঙ্গে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি ও সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ তুলে বলেন, এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণা মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। এছাড়া বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, জাতীয় প্রেসক্লাব এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার দ্রুত নিশ্চিত করা এবং সাংবাদিকদের জন্য একটি কার্যকর বেতন কাঠামো প্রণয়নের দাবিও তুলে ধরেন বক্তারা।