প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, গত বছরের তুলনায় দেশে সীমান্ত হত্যা প্রায় ৭৫ শতাংশ কমেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, সরকারের জিরো টলারেন্স নীতি ও প্রযুক্তিনির্ভর সীমান্ত ব্যবস্থাপনার ফলে বর্ডার গার্ড বাংলাদেশ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
তিনি জানান, সীমান্ত এলাকায় অপরাধী গ্রেপ্তারের হার প্রায় ৭০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং মাদক ও চোরাচালান পণ্য জব্দ অভিযানে সাফল্য বেড়েছে প্রায় ৪০ শতাংশ। পাশাপাশি প্রায় ১ লাখ লিটার জ্বালানি তেল পাচার রোধ করা সম্ভব হয়েছে, যা আগের বছরের তুলনায় ৩৫ শতাংশ বেশি।
মানবপাচার প্রতিরোধেও অগ্রগতি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সচেতনতা ও আইনি প্রয়োগ বাড়ায় এ খাতে ২৫ শতাংশ উন্নতি হয়েছে। একই সঙ্গে দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচিতে ইতোমধ্যে ৯৪ লাখের বেশি শিশু টিকা পেয়েছে।
তিনি আরও জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে শিগগিরই জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে, যা দেশের বিদ্যুৎ সরবরাহে ইতিবাচক প্রভাব ফেলবে।