দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দেশটির মধ্যাঞ্চলে ভূমিকম্পটি অনুভূত হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৯৯ কিলোমিটার গভীরে। এর কেন্দ্র ছিল আন্দিজ পর্বতমালায় আনিসো শহর থেকে প্রায় ৩১ কিলোমিটার উত্তর-পশ্চিমে।
পেরুর জিওফিজিক্যাল ইনস্টিটিউটের (আইজিপি) প্রধান হারনান্দো তাভেরা জানান, ভূমিকম্পটির উৎপত্তি অনেক গভীরে হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
স্থানীয় রেডিও স্টেশন আরপিপিকে তিনি বলেন, ভূমিকম্পের সময় আতঙ্কিত হয়ে মানুষ রাস্তায় বেরিয়ে এলেও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
তবে ভূমিকম্পের পর প্রাথমিকভাবে এর মাত্রা ৭ দশমিক ২ বলে জানিয়েছিল আইজিপি। পরে তা সংশোধন করে ৬ দশমিক ৭ মাত্রা নির্ধারণ করা হয়।
উল্লেখ্য, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তামা উৎপাদনকারী দেশ পেরু প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত। বিশ্বের অধিকাংশ ভূমিকম্প ও আগ্নেয়গিরির কার্যকলাপ এই ভূকম্পনপ্রবণ অঞ্চলে সংঘটিত হয়।
তথ্যসূত্র: ইউএসএ টুডে
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?