ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা ও ডাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত ভিপি (সহ-সভাপতি) প্রার্থী আবিদ ইসলাম খান অভিযোগ করেছেন, ব্যালট কারচুপির ঘটনায় ফেঁসে যাওয়ার আশঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমদ খান ‘সেইফ এক্সিট’ নিচ্ছেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ফেসবুক পোস্টে এই অভিযোগ তোলেন আবিদ ইসলাম খান। পোস্টে তিনি লেখেন, নীলক্ষেত কেন্দ্র সংশ্লিষ্ট ব্যালট কারচুপির অভিযোগে জড়িত থাকার কারণে আগেভাগেই ডেনমার্কের উদ্দেশ্যে রওনা হচ্ছেন উপাচার্য। তিনি আরও লেখেন, “স্যারকে অনুরোধ করবো, সৎ সাহস থাকলে আপনি থেকে যান।”
এদিকে উপাচার্য ড. নিয়াজ আহমদ খান জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর বিষয়ে তিনি আগ্রহ প্রকাশ করেছেন। তবে হঠাৎ করে পদত্যাগ করে প্রশাসনিক শূন্যতা বা অচলাবস্থা সৃষ্টি করার পক্ষে নন বলে স্পষ্ট করেন তিনি। সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চাইলে নির্দিষ্ট সময় পর্যন্ত দায়িত্ব পালন করতেও তিনি প্রস্তুত।
মঙ্গলবার বেলা তিনটায় উপাচার্য কার্যালয় সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক বিশেষ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। পরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর এক বিজ্ঞপ্তিতে জানায়, কিছু গণমাধ্যমে তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে; তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেননি।
এ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ও ছাত্ররাজনীতির অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।