রোকুনুজ্জামান, জবি প্রতিনধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন ২০২৫-এর নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে আগামী বুধবার (৫ নভেম্বর)।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তফসিল ঘোষণা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে বিকেল ২টা ৩০ মিনিটে, বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ ভবনের নিচতলায় অবস্থিত শিক্ষক লাউঞ্জে।
বিজ্ঞপ্তিতে তফসিল ঘোষণার অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
দীর্ঘ প্রায় এক যুগ পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। শিক্ষার্থীদের দাবি ও আগ্রহের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচনের প্রস্তুতি শুরু করে কয়েক মাস আগে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের একাধিক সূত্র জানায়, নির্বাচনী কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি এখন শেষ পর্যায়ে রয়েছে।
শিক্ষার্থীরা বলছেন, এ নির্বাচন বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশ পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।