ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে কোনো প্রার্থী ঘোষণা করেনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, গত বছরের ১৫ জুলাই গণঅভ্যুত্থানে গুরুতর আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্বীর সম্মানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (২০ আগস্ট) অপরাজেয় বাংলার পাদদেশে ডাকসুর পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেন, “সেদিন তন্বীর রক্তাক্ত মুখ সবাইকে নাড়িয়ে দিয়েছিল। তার এই ত্যাগকে সম্মান জানাতেই আমরা গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে কোনো প্রার্থী দিচ্ছি না।”
এর আগে এই পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন সানজিদা আহমেদ তন্বী। পরে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস)ও জানায়, তার সম্মানেই তারা কোনো প্রার্থী দেবে না।
ছাত্রদলের ঘোষিত প্যানেলে ভিপি পদে আবিদুল ইসলাম খান, জিএস পদে তানভির বারী হামিম ও এজিএস পদে তানভীর আল হাদী মায়েদকে মনোনয়ন দেওয়া হয়েছে।
সম্পাদক পদে মনোনীত হয়েছেন—মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক আরিফুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এহসানুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক মেহেদী হাসান, সাহিত্য সম্পাদক আবু হায়াত জুলফিকার জিসান, ক্রীড়া সম্পাদক চিম চিম্যা চাকমা, ছাত্র পরিবহন সম্পাদক মো. সাইফ উল্লাহ, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আনোয়ার হোসাইনসহ আরও অনেকে।