জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষকদের ওপর ছাত্রদলের হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিটির দুই শিক্ষক পদত্যাগ করেছেন। হামলার শিকার হওয়া শিক্ষকরা কমিটির দায়িত্বে থাকায় নৈতিক ও আইনি দ্বন্দ্বের কারণ দেখিয়ে রবিবার (১৩ জুলাই) দুপুরে পদত্যাগের ঘোষণা দেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোশাররফ হোসেন এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদদীন।
অধ্যাপক মোশাররফ হোসেন বলেন, “আমি নিজেই বিচারপ্রার্থী—তাই তদন্ত কমিটিতে থাকা সঠিক নয়। এখন আমি ভুক্তভোগী শিক্ষকের পক্ষে কথা বলতে পারব।” বিশ্ববিদ্যালয় প্রশাসন নতুন কমিটি গঠন করে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীনকে আহ্বায়ক এবং রেজিস্ট্রার অধ্যাপক ড. গিয়াসউদ্দিনকে সদস্য করা হয়েছে।
এর আগে গত ১০ জুলাই বিকেলে শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচে ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী রফিক বিন সাদেককে ছাত্রলীগ সম্পৃক্ততার অভিযোগে মারধর করে ছাত্রদলের নেতাকর্মীরা। শিক্ষক ও ছাত্রকল্যাণ উপদেষ্টা ড. এ কে এম রিফাত হাসান ও সহকারী প্রক্টর শফিকুল ইসলাম ঘটনাস্থলে গেলে তাদেরও গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। একই সঙ্গে বাগছাসের তিন নেতাকেও মারধর করা হয়।
এই ঘটনার প্রতিবাদে রবিবার সকাল থেকে ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে উপাচার্য ভবন ঘেরাও করে। ‘যেই হাত শিক্ষক মারে, সেই হাত ভেঙে দাও’, ‘অছাত্ররা ক্যাম্পাস ছাড়’সহ বিভিন্ন স্লোগানে ক্যাম্পাস উত্তপ্ত হয়ে ওঠে। শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের শাস্তির দাবি জানায়।
ঘটনার যথাযথ তদন্ত ও বিচার না হলে আন্দোলন আরও তীব্র হবে বলে হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।