খুলনা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েও আর্থিক সংকটে ভর্তি অনিশ্চিত হয়ে পড়া এক হিন্দু শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন পটুয়াখালীর গলাচিপা উপজেলা জামায়াতের সাবেক আমীর।
১০ জুলাই সোমবার রাত আটটার দিকে ইসলামী ছাত্রশিবির, গলাচিপা উপজেলার উদ্যোগে ওই শিক্ষার্থীকে ভর্তি সহায়তা হিসেবে নগদ ১০ হাজার টাকা প্রদান করা হয়। এর মধ্যে ভর্তি বাবদ ৭ হাজার ও যাতায়াত খরচ বাবদ ৩ হাজার টাকা প্রদান করা হয়।
জানা গেছে, দরিদ্র মেধাবী শিক্ষার্থী খুলনা বিশ্ববিদ্যালয়ে মৃত্তিকা পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগে ভর্তির সুযোগ পেলেও আর্থিক অস্বচ্ছতার কারণে ভর্তি হতে খুলনা যেতে পারছিলেন না।
বিষয়টি গলাচিপা উপজেলা ছাত্রশিবির জানার পরে গলাচিপা উপজেলা জামায়াতের সাবেক আমীর অধ্যাপক মাওলানা ইয়াহিয়া খানকে অবহিত করলে তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গলাচিপা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. জাকির হোসাইন, সেক্রেটারি সানাউল্লাহ শামীম, পৌর জামায়াতের আমীর মাওলানা বেলাল বিন সুলতান, গলাচিপা সরকারি কলেজের অধ্যাপক মো. খলিলুর রহমান,
গলাচিপা এনজেড আলিম মাদ্রাসার প্রভাষক গোলাম রব্বানী, মুরাদনগর আহমাদিয়া দাখিল মাদ্রাসা সহকারী মৌলবি মাও. আ. মালেক, উপজেলা শিবিরের সেক্রেটারি কাজী খাইরুল হাসানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময়ে উপস্থিত জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতা-কর্মীরা সব সময় ওই শিক্ষার্থীকে পড়াশুনা চালিয়ে যেতে সার্বিকভাবে সহায়তা করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
পরে তাৎক্ষণিকভাবে গলাচিপা এনজেড আলিম মাদ্রাসা থেকে দাখিল-২০২৫ পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৫ প্রাপ্তদের কৃতি সম্বোধনা দেয়া হয়।
স্থানীয়রা এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে এর ভূয়সী প্রশংসা করেছেন।