মোঃ তাজুল ইসলাম, (সুবর্ণচর প্রতিনিধি)
গত ১৯ ডিসেম্বর নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় একটি ক্রিকেট প্রীতি ম্যাচে যোগ দেওয়ার কথা ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের।
তবে ১৮ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা ও জুলাই আন্দোলনের অন্যতম নেতা ওসমান হাদী সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে, তাৎক্ষণিকভাবে নাছির উদ্দিন নাছিরের অনুরোধে উক্ত ক্রিকেট ম্যাচের আয়োজন স্থগিত করে আয়োজক কমিটি।
স্থগিত সংক্রান্ত নোটিশে জানানো হয়, ‘জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদীর মৃত্যুতে সারাদেশ শোকাহত। এমন পরিস্থিতিতে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির শোকাহত ও দলীয় দায়িত্ব পালনের প্রয়োজনে ঢাকায় অবস্থান করায় “বীর মুক্তিযোদ্ধা শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট প্রীতি ম্যাচ”-এর সকল আয়োজন স্থগিত করা হলো। পরবর্তীতে নতুন তারিখে পুনরায় আয়োজনের ঘোষণা দেওয়া হবে।’
পরবর্তীতে আগামী ২৩ ডিসেম্বর মঙ্গলবার নতুন তারিখ নির্ধারণ করা হয়। ওইদিন নোয়াখালীর সুবর্ণচর উপজেলার সৈকত সরকারি কলেজ মাঠে সদর ও সুবর্ণচর উপজেলা ছাত্রদলের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে “বীর মুক্তিযোদ্ধা শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট প্রীতি ম্যাচ–২০২৫”।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের।
আয়োজক সূত্রে জানা গেছে, একদিনব্যাপী এ ক্রিকেট প্রীতি ম্যাচে ‘অদম্য সদর’ ও ‘তারুণ্যের সুবর্ণচর’ নামে দুটি দল প্রতিদ্বন্দ্বিতা করবে।
বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে মহান মুক্তিযুদ্ধের বীর উত্তম ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এ ক্রিকেট প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে।
আয়োজক সূত্রে আরও জানা গেছে, প্রধান অতিথির বক্তব্যে নাছির উদ্দিন নাছির ধানের শীষ প্রতীকের বিজয়, বাংলাদেশের আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করবেন।
এ সময় তিনি তারেক রহমান ঘোষিত নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া উন্নয়নসহ মোট আটটি সুনির্দিষ্ট পরিকল্পনা তুলে ধরবেন। পাশাপাশি কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের জন্য আগামীর বাংলাদেশ কেমন হবে—সে বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেওয়ার সম্ভাবনাও রয়েছে।
সুবর্ণচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এনায়েতুল ইসলাম বলেন,
“বিজয়ের মাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিকে ধারণ করে এমন আয়োজন সুবর্ণচরের মানুষের জন্য অনুপ্রেরণার। এই ম্যাচের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও ক্রীড়াচর্চা আরও বিকশিত হবে।”
এদিকে সুবর্ণচর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মহি উদ্দিন মহিম বলেন,
“এই ক্রিকেট ম্যাচ শুধু একটি খেলা নয়; এটি আমাদের আদর্শ, ইতিহাস ও ভবিষ্যৎ রাজনীতির বার্তা বহন করবে। আমরা প্রত্যাশা করি, সর্বস্তরের মানুষ মাঠে উপস্থিত থেকে অনুষ্ঠানটি সফল করবেন।”
সদর ও সুবর্ণচর উপজেলা ছাত্রদলের একাধিক নেতা জানান, উক্ত খেলায় সর্বস্তরের জনগণের ব্যাপক উপস্থিতি থাকবে বলে তারা আশাবাদী।