নীলফামারীতে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। ১৬ ডিসেম্বর ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলা প্রশাসনের উদ্যোগে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু হয়। পরে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল ৮টায় নীলফামারী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, পৌরসভা, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
এ উপলক্ষে নীলফামারী জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজ, শিশু-কিশোরদের শরীরচর্চা ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ এবং স্বাধীনতার চেতনায় দেশ গঠনের আহ্বান জানান।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চিত্রাঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করা হয়। এছাড়াও মসজিদ, মন্দির ও অন্যান্য উপাসনালয়ে শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।