মোঃ হাসনাইন আহম্মেদ, ভোলা:
ভোলার তজুমদ্দিনে দুটি লাইটার জাহাজের সংঘর্ষের পর একটি জাহাজ চরে আটকে পড়লে সেখান থেকে ১৩ জন ক্রুকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার (২০ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে তজুমদ্দিন উপজেলার বরিশাল বাজার লাল ঘাট আইল্যান্ড সংলগ্ন এলাকায় ‘এমভি উম্মে হাবিবা’ ও ‘এমভি মডার্ন মেরিন-১৯’ নামের দুটি লাইটার জাহাজের মধ্যে সংঘর্ষ হয়।
এতে ‘এমভি মডার্ন মেরিন-১৯’ জাহাজটির তলদেশ ফেটে গিয়ে পানি প্রবেশ করলে জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে চরে আটকে যায়।
পরে জাহাজের ক্রুরা কোস্ট গার্ডের সহায়তা চান। খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন রামগতির একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১৩ জন ক্রুকে নিরাপদে উদ্ধার করে। পরবর্তীতে উদ্ধারকৃত ক্রুদের মালিক পক্ষের কাছে হস্তান্তর করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, “বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এরূপ সেবামূলক অভিযান অব্যাহত রাখবে।”