মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গারাদহ ইউনিয়নের গারাদহ দক্ষিণপাড়া এলাকায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবির) অনুমোদিত ডিলার প্রতিষ্ঠান ‘মেসার্স জিহাদ স্টোর’-এর গুদামে থেকে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এতে টিসিবির বরাদ্দকৃত পণ্যসামগ্রীসহ ভবনে বসবাসকারী এক ভাড়াটিয়া পরিবারের চাল-ধান ও স্বর্ণালংকার চুরি ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মেসার্স জিহাদ স্টোরের প্রোপাইটর মোঃ শামসুল আলম টিসিবির পণ্য বিতরণ শেষে অবিকৃত পণ্য বিক্রয়ের জন্য দক্ষিণপাড়ার গুদামে মালামাল গুছিয়ে রেখেছিলেন। কিন্তু গত রাত (২৬/০৭/২০২৬ইং) রাতের আঁধারে কে বা কাহারা তালা ভেঙে ভেতরে প্রবেশ করে টিসিবির পণ্য সামগ্রী চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া পণ্যের মধ্যে রয়েছে ১২৬ লিটার সয়াবিন তেল, ১২৬ কেজি মসুর ডাল, ৬৩ কেজি চিনি, ৬৩ পিস লাক্স সাবান, ৬৩ পিস কাপড় কাচা সাবান এবং ৬৩ পিস গুঁড়া সাবান।
একই ভবনে বসবাসকারী ভাড়াটিয়া পলি বেগম জানান, তিনি তাঁর মেয়ের সন্তান প্রসবের কারণে হাসপাতালে অবস্থান করছিলেন। এই সুযোগে চোরচক্র শুধু টিসিবির ডিলারের গুদামেই নয়, তাঁর ঘরে প্রবেশ করে জমানো দুই বস্তা চাল-ধান, গৃহস্থালি জিনিসপত্র এবং ২টি স্বর্ণ অলংকার নিয়ে চম্পট দেয়।
ভুক্তভোগী পলি বেগম ও ডিলার মোঃ শামসুল আলম ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জানান, এ ঘটনায় অসহায় পরিবারটি খাদ্যসংকটে পড়েছে। টিসিবির মালামাল উদ্ধার এবং অপরাধীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশু হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।
এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং পরিদর্শন শেষে দ্রুত ব্যবস্থা গ্রহণ করছি যেন চোরকে আমরা আটক করতে পারি এবং চুরিকৃত মালামাল উদ্ধার করতে পারি।