মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জে নিষিদ্ধ কারেন্ট জাল তৈরির একটি কারখানায় যৌথ অভিযান চালিয়ে প্রায় ৪০ লাখ টাকা মূল্যের কারেন্ট জাল, মনোফিলামেন্ট সুতা ও রিল জব্দ করা হয়েছে। এ ঘটনায় কারখানার মালিকসহ চারজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৩ আগস্ট) রাত সাড়ে ১১টা থেকে রাত পৌনে ৩টা পর্যন্ত সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের জোড়পুকুরপাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম মোস্তফা।
অভিযানকালে সজীবের (৩০) মালিকানাধীন কারখানায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল, মনোফিলামেন্ট সুতা ও রিল উদ্ধার করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ লাখ টাকা।
পরে ভ্রাম্যমাণ আদালত কারখানার মালিক সজীবকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে কারখানায় কর্মরত শামীম (২৩), আনোয়ার (৩০) ও রাসেলকে (২৮) এক দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তাদের প্রত্যেককে ২ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম মোস্তফা জানান, অবৈধ কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে। উদ্ধার করা মালামাল পুড়িয়ে ধ্বংস করা হবে।