পটুয়াখালীতে মাদকবিরোধী অভিযানে চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পৃথক তিনটি অভিযানে তাদের কাছ থেকে মোট ২১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে একজনের বিরুদ্ধে আগে থেকেই তিনটি মাদক মামলাসহ মোট চারটি মামলা চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ২১ আগস্ট ২০২৬ রাত ৯টা ৩৫ মিনিটে পটুয়াখালী পৌরসভার টাউন কালিকাপুর এলাকায় অভিযান চালিয়ে ১১০ পিস ইয়াবাসহ মো. সুমন সরদার (২৮)-কে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তিনি টাউন কালিকাপুরের ছোট চৌরাস্তা এলাকার বাসিন্দা।
এর আগে ১৯ আগস্ট রাত ৯টা ৪৫ মিনিটে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে রশিদ হাওলাদারের বাড়ির সামনে অভিযান চালানো হয়। এ সময় ৫০ পিস ইয়াবাসহ মো. আবুল হোসেন (২৮) ও গাজী মো. আল আমিন (২৯) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া ১৪ আগস্ট বিকেল ৪টা ৫০ মিনিটে সদর উপজেলার ইটবাড়ীয়া ইউনিয়নের ইটবাড়ীয়া এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ মো. জলিল ফকির (৩৮)-কে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার মো. জলিল ফকিরের বিরুদ্ধে ইতোপূর্বে তিনটি মাদক মামলাসহ মোট চারটি মামলা চলমান রয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পৃথক মামলা করা হয়েছে। এর মধ্যে আবুল হোসেন ও গাজী মো. আল আমিনকে আদালতে পাঠানো হয়েছে। অন্য গ্রেপ্তারদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পটুয়াখালী জেলা ডিবি পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।