আবু বক্কর সিদ্দিক কক্সবাজার
কক্সবাজারের উখিয়ার পালংখালী সীমান্তে মায়ানমার থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ অবৈধ বিদেশি সিগারেটসহ একটি সিএনজি অটোরিকশা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও উখিয়া থানা পুলিশ।
রবিবার (০৯ আগস্ট ২০২৬) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকাল ৬টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও উখিয়া থানা পুলিশ যৌথভাবে উখিয়া থানাধীন পালংখালী সীমান্ত সড়ক সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সীমান্ত সড়ক দিয়ে আসা একটি সন্দেহভাজন সিএনজি অটোরিকশাকে থামার সংকেত দেওয়া হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা সিএনজিটি ফেলে দ্রুত চোরারাস্তা দিয়ে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরে পরিত্যক্ত সিএনজিটিতে তল্লাশি চালিয়ে মায়ানমার থেকে অবৈধভাবে আনা ১ লাখ ১৯ হাজার শলাকা ‘ওরিস’ (Oris) ও ৪০ হাজার শলাকা ‘প্যাট্রন’ (Patron) ব্র্যান্ডের সিগারেট উদ্ধার করা হয়। জব্দকৃত মোট ১ লাখ ৫৯ হাজার শলাকা বিদেশি সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৩ লাখ ৮৫ হাজার টাকা। চোরাচালানের কাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটিও জব্দ করা হয়েছে।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা জানান, জব্দকৃত আলামত ও গাড়ির বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় সকল ধরনের চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।