আমজাদ শিবলু: নোয়াখালী সেনবাগ উপজেলা প্রতিনিধি
বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা, সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ ও নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদিন ফারুক বলেছেন, “‘জুলাই-আগস্ট’ নিয়ে যারা সরকারকে অযথা বিব্রত করতে চায়, তাদের বলছি ‘৭১’ আমাদের মাথার মণি।
‘৭১’-এর সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না। তবে জুলাই-আগস্ট নিয়ে আমাদের (বিএনপির) প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করব। এর জন্য সরকারকে অবশ্যই সময় দিতে হবে।
শনিবার (১ আগস্ট) বিকেলে নোয়াখালীর সেনবাগ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি আয়োজিত ‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচির সফলতা কামনায় মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মাঝে গাছের চারা বিতরণ ও শিক্ষার মান উন্নয়ন শীর্ষক’ এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় শুরুতে শিক্ষকদের উদ্দেশ্যে টেলিফোনে শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী এ. ন. ম. এহসানুল হক মিলন।
সেনবাগ উপজেলা অডিটোরিয়ামে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মনিরুল ইসলাম-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু তাহের সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও
উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবদুল্লাহ আল-মামুন, সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, সেনবাগ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল আজিম চৌধুরী প্রমুখ।
মতবিনিময় সভার দ্বিতীয় পর্বে প্রধানমন্ত্রীর ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে উপস্থিত সকল শিক্ষকের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়।