প্রতিবেদক : মোঃ হাসনাইন আহম্মেদ ভোলা প্রতিনিধি (ডিজিটাল)
ভোলার মনপুরা উপজেলায় লোকালয়ে ঢুকে পড়া একটি চিত্রা হরিণ উদ্ধার করে নিরাপদে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করেছে বন বিভাগ।
শুক্রবার (২৪ জুলাই ২০২৬) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে মোবাইল ফোনে খবর পেয়ে মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাতানখালি এলাকায় পৌঁছে বন বিভাগের সদস্যরা হরিণটি উদ্ধার করেন।
বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা, উপকূলীয় বন বিভাগ, ভোলার সার্বিক দিকনির্দেশনায় মনপুরা রেঞ্জের পঁচাকোড়ালিয়া বিটের কর্মকর্তারা উদ্ধার অভিযান পরিচালনা করেন। পরে হরিণটির শারীরিক অবস্থা পরীক্ষা করে সম্পূর্ণ সুস্থ পাওয়া গেলে বিকেল আনুমানিক ৩টা ৩০ মিনিটে চর পাতালিয়া সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়।
বন বিভাগ জানায়, উদ্ধার হওয়া চিত্রা হরিণটির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে প্রাকৃতিক পরিবেশে নিরাপদে ছেড়ে দেওয়া হয়েছে, যাতে এটি স্বাভাবিকভাবে বিচরণ করতে পারে।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের সচেতনতার প্রশংসা করে বন বিভাগের পক্ষ থেকে বলা হয়, বন্যপ্রাণী লোকালয়ে চলে এলে আতঙ্কিত না হয়ে কিংবা প্রাণীটির কোনো ক্ষতি না করে দ্রুত বন বিভাগকে অবহিত করা উচিত। জনসচেতনতা ও স্থানীয় জনগণের সহযোগিতাই বন্যপ্রাণী সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।