শেখ নজরুল ইসলাম, তালা(সাতক্ষীরা )সংবাদ দাতা
প্রচণ্ড বৃষ্টির কারণে নির্ধারিত স্থান পরিবর্তন করে সাতক্ষীরার তালা উপজেলায় সংসদ সদস্যের কার্যালয়ে দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তিদের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদানের চেক বিতরণ করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ।
সমাজসেবা অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন এলাকার ২০ জন দুস্থ ও অসচ্ছল মানুষের হাতে প্রত্যেককে ১০ হাজার টাকা মূল্যের একটি করে অনুদানের চেক তুলে দেওয়া হয়। এ সময় উপকারভোগীরা সরকারের এ সহায়তায় সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তালা উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ ইদ্রিস আলীসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সমাজসেবা অধিদপ্তরের প্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো সরকারের মানবিক উদ্যোগের অংশ। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।