মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মমতাজ আলোর সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) বিকেল ৩টায় টঙ্গীবাড়ী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের অগ্রগতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অবকাঠামো উন্নয়ন এবং সরকারের চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মমতাজ আলো বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তাদের আরও দায়িত্বশীল ও আন্তরিক হতে হবে। তিনি সেবা প্রদানে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সমন্বয়ের মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সুবিধা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ বিভাগের চলমান কার্যক্রম, বাস্তবায়নাধীন প্রকল্প এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন করেন। এ সময় উন্নয়ন কর্মকাণ্ডের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিক,দিঘীরপাড় ইউনিয়নের বিএনপির সভাপতি শামীম মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়াজেদ ওয়াসীফ, উপজেলা প্রকৌশলী শাহা মোয়াজ্জেম হোসেন রাজু, টঙ্গীবাড়ী থানার ওসি (তদন্ত) কাজী মাসুদ রানা এবং উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।