পটুয়াখালীর দশমিনা উপজেলার তেঁতুলিয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি বালু উত্তোলনকারী লোডিং জাহাজ ও বালুভর্তি বাল্কহেড জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় মো. ফিরোজ নামে এক ব্যক্তিকে ২ লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২২ জুন) সন্ধ্যায় উপজেলার গোলখালী এলাকায় উপজেলা প্রশাসন ও নৌপুলিশ ফাঁড়ির যৌথ অভিযানে তাকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা জানান, তেঁতুলিয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। নদী ও পরিবেশ রক্ষায় এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।
এদিকে প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা নদী রক্ষা, ভাঙন প্রতিরোধ এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।