মাহিনুর ইসলাম মাহিন, বড়লেখা(মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজারের বড়লেখায় ভগবান শ্রীরামচন্দ্রের প্রতি অবমাননা এবং গাইবান্ধাসহ দেশের বিভিন্ন স্থানে মন্দির গুঁড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২০ জুন) সকালে বড়লেখা পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বড়লেখা উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বড়লেখা উপজেলা শাখার সভাপতি বিধান চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার পাল, উপজেলা কমিটির সহসভাপতি স্বপন দে, কোষাধ্যক্ষ মুক্তালাল বিশ্বাস, সাংস্কৃতিক সম্পাদক তপন চৌধুরী, বড়লেখা পৌর শাখার সদস্য সচিব উজ্জ্বল ঘোষসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ভগবান শ্রীরামচন্দ্রকে নিয়ে অবমাননাকর কর্মকাণ্ড এবং দেশের বিভিন্ন স্থানে মন্দিরে হামলা, ভাঙচুর ও গুঁড়িয়ে দেওয়ার হুমকি সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য গভীর উদ্বেগের বিষয়। এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড বন্ধে সরকার ও প্রধানমন্ত্রীর কার্যকর হস্তক্ষেপ কামনা করেন তারা।
মানববন্ধন থেকে দেশের সকল মন্দির ও ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়। একই সঙ্গে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে সম্প্রীতি ও সহাবস্থানের চেতনা সমুন্নত রাখার আহ্বান জানান বক্তারা।