মোঃআতেফ ভূঁইয়া গাজীপুর সদর প্রতিনিধি:
গাজীপুর মহানগরীর কাশিমপুরে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১৬ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে ১১ জন নারী ও ৫ জন পুরুষ রয়েছেন।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে কাশিমপুর থানার পুলিশ কাশিমপুর ১ নম্বর ওয়ার্ডের জিরানি বাজার এলাকায় বেঙ্গল ফ্যাক্টরির উত্তর পাশে অবস্থিত ড্রিমল্যান্ড গেস্ট হাউজ নামের আবাসিক হোটেলে এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, হোটেলটিতে রাত্রিযাপনের আড়ালে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ পরিচালিত হয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে নারী-পুরুষসহ মোট ১৬ জনকে আটক করা হয়।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খালিদ হোসেন জানান, অভিযানের সময় হোটেল কর্তৃপক্ষের কয়েকজন সদস্য পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে হোটেলটি বন্ধ করে দেওয়া হয় এবং হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, “ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। ড্রিমল্যান্ড গেস্ট হাউজের ওপরও নিয়মিত নজরদারি রাখা হবে।”
আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।