সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় নিখোঁজের পরদিন নন্দিনী (০৮) নামে এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী গ্রামে নিজ বাড়ির পাশের একটি ভুট্টাক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত নন্দিনী ওই গ্রামের নলিনী কান্তের একমাত্র মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার বিকেল থেকে হঠাৎ করেই নন্দিনী নিখোঁজ হয়। পরিবারের লোকজন তাকে চারদিকে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায়নি।
আজ মঙ্গলবার সকালে আবারো খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের একটি ভুট্টাক্ষেতে নতুন খোঁড়া নরম মাটি দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে ওই স্থানের মাটি খুঁড়ে নন্দিনীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে।
ঘটনাস্থলে উপস্থিত আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছি।
মৃত্যুটির সঠিক কারণ উদঘাটনে লাশ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।” তিনি আরো জানান, ঘাতকদের গ্রেপ্তার এবং এই নির্মম হত্যাকাণ্ডের পেছনের কারণ অনুসন্ধানে পুলিশের একটি বিশেষ টিম ইতিমধ্যে কাজ শুরু করেছে।
এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।