নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
তীব্র গরম ও তাপপ্রবাহের কারণে ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বেড়েছে তালের শাঁসের কদর। গরমে শরীরকে কিছুটা শীতল রাখতে এবং তৃষ্ণা মেটাতে অনেকেই ঝুঁকছেন মৌসুমি এই ফলের দিকে। ফলে উপজেলার বিভিন্ন হাট-বাজার ও সড়কের পাশে তালের শাঁস বিক্রেতাদের ব্যস্ততা বেড়েছে।
সরেজমিনে দেখা যায়, নান্দাইল বাজার, নান্দাইল নতুন বাজার, নান্দাইল চৌরাস্তা বাজার, চণ্ডীপাশা বাজারসহ বিভিন্ন এলাকায় কচি তাল কেটে শাঁস বিক্রি করছেন বিক্রেতারা। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্রেতাদের ভিড় লেগেই থাকছে। বিশেষ করে দুপুরের দিকে গরম বাড়ার সঙ্গে সঙ্গে তালের শাঁসের চাহিদাও বৃদ্ধি পাচ্ছে।
স্থানীয় বিক্রেতারা রহিম উদ্দিন জানান, গরমের কারণে এ বছর তালের শাঁসের বিক্রি আগের তুলনায় অনেক বেড়েছে। একটি তালে সাধারণত দুই থেকে তিনটি শাঁস পাওয়া যায়। আকার ও মানভেদে প্রতি শাঁস ১০ টাকা দরে বিক্রি হচ্ছে। প্রতিদিন ভালো পরিমাণ বিক্রি হওয়ায় মৌসুমি ব্যবসায়ীরা বাড়তি আয়ের সুযোগ পাচ্ছেন।
ক্রেতারা জানান, তালের শাঁস সুস্বাদু, পুষ্টিকর এবং গরমে শরীরে প্রশান্তি এনে দেয়। তাই অনেকেই পরিবারের সদস্যদের জন্যও কিনে নিয়ে যাচ্ছেন।
স্বাস্থ্য সচেতন ব্যক্তিদের মতে, তালের শাঁসে প্রচুর জলীয় অংশ ও খনিজ উপাদান থাকায় এটি শরীরের পানিশূন্যতা দূর করতে সহায়তা করে। গ্রীষ্মকালে প্রাকৃতিকভাবে শরীরকে সতেজ রাখতে তালের শাঁস একটি জনপ্রিয় ও উপকারী খাবার।
গরমের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে নান্দাইলে তালের শাঁসের চাহিদা আরও বাড়বে বলে মনে করছেন বিক্রেতারা।