মোঃআতেফ ভূঁইয়া , গাজীপুর সদর প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীর তুরাগ নদে গোসল করতে গিয়ে এক বন্ধুকে বাঁচাতে নেমে দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে রাত ৮টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলো ঢাকা জেলার তুরাগ থানা এলাকার কামারপাড়া সাহেব আলী মাদ্রাসা এলাকার ইদ্রিস আলীর ছেলে ইমরান (১৬) এবং তার প্রতিবেশী বন্ধু মো. নোমান (১৩)।
পরিবারের বরাত দিয়ে জানা যায়, ইমরান তার কয়েকজন বন্ধুর সঙ্গে নৌকা নিয়ে তুরাগ নদ-এ ঘুরতে ও গোসল করতে যায়। একপর্যায়ে নোমান নৌকা থেকে পানিতে নামলে অসাবধানতাবশত সে তলিয়ে যেতে থাকে। তাকে বাঁচাতে ইমরান নদে ঝাঁপ দেয়। এ সময় দুজনই পানিতে তলিয়ে নিখোঁজ হয়।
খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর ডুবুরি দল। দীর্ঘ প্রায় তিন ঘণ্টার চেষ্টায় দুই কিশোরের লাশ উদ্ধার করা হয়।
টঙ্গী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম জানান, খবর পাওয়ার পর ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক তল্লাশি চালিয়ে দুইজনের লাশ উদ্ধার করে এবং পরে তা নৌ পুলিশ-এর কাছে হস্তান্তর করা হয়।
নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক সিরাজ উদ্দিন বলেন, কামারপাড়া এলাকা থেকে পাঁচ বন্ধু নৌকা নিয়ে ঘুরতে গিয়েছিল। নোমান পানিতে পড়ে গেলে ইমরান তাকে বাঁচাতে ঝাঁপ দেয়। একপর্যায়ে দুজনই তলিয়ে যায়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।