নরসিংদীতে সহপাঠীদের সাথে ঘোরতে এসে শহরের নাগরিয়াকান্দি ব্রীজ এলাকায় মেঘনা নদীতে গোসলে নেমে নিখোঁজ মাহির শাহরিয়ার (১৭) নামে বিএফ শাহীন কলেজের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১১ মে) বেলা সাড়ে ১১টার দিকে নিখোঁজ হওয়ার পর ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের যৌথ প্রচেষ্টায় বিকেল পৌনে ৪টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মাহির বিএফ শাহীন কলেজের একাদশ শ্রেনীর ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থী। তার ক্লাস রোল ২৫৫০৫১। তার বাবার নাম মো জহিরুল ইসলাম।
নিখোঁজ মাহিরের সহপাঠী ও স্থানীয়রা জানায়, সোমবার সকালে ঢাকা থেকে ট্রেনে করে বিএএফ শাহীন কলেজ, আদমজী ক্যান্টনমেন্ট কলেজসহ ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষার্থী নরসিংদী স্টেশনে নেমে নাগরিয়াকান্দি সেতু এলাকায় ঘুরতে যায়। পরে তারা মেঘনার শাখা নদীতে গোসল করতে নামে।
এ সময় সাঁতার না জানায় মাহির শাহরিয়ারসহ আরও দুইজন নদীর স্রোতে তলিয়ে যেতে থাকে। স্থানীয়রা দ্রুত দুইজনকে উদ্ধার করতে সক্ষম হলেও মাহির স্রোতে হারিয়ে যায়। পরে সহপাঠীরা খোঁজাখুঁজি করে না পেয়ে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসকে খবর দেয়।
স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা দীর্ঘ সময় চেষ্টা করেও তার সন্ধান না পেয়ে পরে ঢাকা থেকে ডুবুরি দল এসে উদ্ধার অভিযান চালায়। অবশেষে নিখোঁজের প্রায় চার ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়।
নরসিংদী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো: আব্দুস সহীদ জানান, সকালে নাগরিয়াকান্দী এলাকায় মেঘনায় ডুবে যাওয়া শিক্ষার্থীকে উদ্ধারের জন্য প্রায় ২ ঘন্টার অধিক সময় খোজাখুজি করেও পাওয়া যায়নি। পরে ঢাকা থেকে ডুবুরি দলকে আনা হয়। ডুবুরি দল আরও দুই ঘন্টা খোজাখুজির পর ঐ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।
করিমপুর নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক এস এম মাকসুদুর রহমান জানান, সকালেই ঢাকা থেকে আগত কিছু সংখ্যক শিক্ষার্থী নাগরিয়াকান্দী ব্রীজের নিচে গোসলে নামে।
পরে একজন স্রোতে তলিয়ে গেলে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিস কে খবর দেয়। অনেক খোজাখুজির পর ও কোন সন্ধান না পেয়ে ঢাকা থেকে ডুবুরি দল আনা হয়। দীর্ঘ ৪ ঘন্টার প্রচেষ্টায় বিকেলে মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রাক্রীয়াধীন রয়েছে।