মোঃআতেফ ভূঁইয়া , গাজীপুর (সদর) প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীতে পুড়ে যাওয়া আওয়ামী লীগ-এর কার্যালয়ে প্রায় ১৮ মাস পর আবারও দলীয় ব্যানার টাঙানো হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে টঙ্গী আওয়ামী লীগ কার্যালয়ে সরেজমিনে গিয়ে দেখা যায়, ভবনের সামনে একটি বড় আকারের দলীয় ব্যানার ঝুলছে।
ব্যানারে লেখা রয়েছে— “জেনে রেখো… যতই হত্যা করো, জন্মাবো আবার, দারুণ সূর্য হবো— লিখবো নতুন ইতিহাস।”
এছাড়াও সেখানে কয়েকটি রাজনৈতিক স্লোগান দেখা যায়।
স্থানীয়রা জানান, ভোররাত থেকেই ব্যানারটি ঝুলতে দেখা যাচ্ছে। তবে কে বা কারা এটি টাঙিয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত ৫ আগস্ট সরকার পতনের পর বিক্ষুব্ধ জনতা টঙ্গী আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। এতে কার্যালয়টি সম্পূর্ণ পুড়ে যায়। বর্তমানে ভবনটি মাদকের আখড়া ও ভবঘুরেদের আবাসস্থল হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ।
এদিকে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে টঙ্গী আওয়ামী লীগ অফিসে টাঙানো ব্যানারের একটি ভিডিও পোস্ট করেন। পোস্টে তিনি লেখেন—
“টঙ্গী থানা আওয়ামী লীগ কার্যালয়ে দীর্ঘ ১৮ মাস পর আওয়ামী লীগের দলীয় ব্যানার এবং জাতীয় পতাকা উত্তোলন।”
এ বিষয়ে জানতে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসানের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।