১১ দলীয় জোটের পদযাত্রাকে কেন্দ্র করে নিরাপত্তার কারণে বন্ধ রাখা সচিবালয়ের প্রধান ফটক প্রায় এক ঘণ্টা পর পুনরায় খুলে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর ১২টা ৪৫ মিনিটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সচিবালয়ের প্রধান ফটক বন্ধ করে দেয়। পরে দুপুর ১টা ৪৫ মিনিটে ফটকটি আবার খুলে দেওয়া হয়।
এর আগে জ্বালানি তেল ও গ্যাস সংকট, বিদ্যুতের ‘ভূতুড়ে বিল’, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ১১ দলীয় জোট সচিবালয় অভিমুখে পদযাত্রা শুরু করে। সচিবালয়ের সামনে পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয়। এ সময় জোটের নেতাকর্মীরা সেখানে কিছুক্ষণ অবস্থান কর্মসূচি পালন করেন।
পরে সরকারের কোনো প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ না হওয়ায় কর্মসূচি শেষ করে সচিবালয় এলাকা ত্যাগ করেন তারা।
এদিকে পরিস্থিতি স্বাভাবিক হলে সচিবালয়ের সামনে ওসমানী উদ্যানসংলগ্ন এলাকায় মোতায়েন করা তিন স্তরের পুলিশি নিরাপত্তা প্রত্যাহার করা হয়। এরপর জিরো পয়েন্ট থেকে মৎস্য ভবনমুখী সড়কে যান চলাচলও স্বাভাবিক হয়ে আসে।