মনিরুল ইসলাম- (নাটোর প্রতিনিধি):
নাটোরের নলডাঙ্গায় একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কা লেগে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) বিকাল পৌণে ৪টায় মাধনগর রেলস্টেশনে এ দূর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মুক্তার হোসেন (৩২)।
সে দিনাজপুর জেলার বিরল থানার মোখলেছপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। মাধনগর রেল স্টেশন মাস্টার মোঃ মোমিন উদ্দিন প্রাং বলেন, মুক্তার হোসেন পঞ্চগড় থেকে রাজশাহী গামী বাংলাবন্দাএক্সপ্রেস ট্রেনের যাত্রী ছিলেন। ট্রেনটি মাধনগর রেলস্টেশনে যাত্রা বিরতি দিলে সে পানি পানের উদ্দেশ্যে প্লাটফর্মে নামে।
পানি পান করে ফেরার সময় ঢাকাগামী- একতা এক্সপ্রেস ট্রেনটি তাকে ধাক্কা দিলে সে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। এসময় বাংলাবন্দা ট্রেনে থাকা মুক্তারের স্বজনরা স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করেন। এবিষয়ে রেলওয়ে জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।