বাংলাদেশ বর্তমানে এক ধরনের ক্রান্তিলগ্নে অবস্থান করছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজ। এই সংকটময় অবস্থা থেকে উত্তরণে গণভোট ও জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়–এর সিনেট ভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন আলী রীয়াজ।
তিনি বলেন, “জুলাই জাতীয় সনদ রক্ত দিয়ে লেখা মানুষের স্বীকৃত ঋণ। জনগণের ন্যূনতম ভোটাধিকার নিশ্চিত করতে এই সনদের কোনো বিকল্প নেই।” একই সঙ্গে তিনি উল্লেখ করেন, সরকারি চাকরিতে যোগ্যতা ও মেধার ভিত্তিতে প্রবেশ নিশ্চিত করতে গণভোটের মাধ্যমে জনগণের মতামত প্রতিষ্ঠা করা জরুরি।
বিচার বিভাগের স্বাধীনতা প্রসঙ্গে আলী রীয়াজ বলেন, “এতদিন বিচার বিভাগের স্বাধীনতা কাগজে-কলমেই সীমাবদ্ধ ছিল। বিচার বিভাগকে প্রকৃত অর্থে স্বাধীন করতে হলে সংবিধান সংশোধন অপরিহার্য।”
বর্তমান সরকার ব্যবস্থা নিয়েও তিনি স্পষ্ট বক্তব্য দেন। আলী রীয়াজ বলেন, ড. মুহাম্মদ ইউনূস–এর নেতৃত্বাধীন সরকার কোনো তত্ত্বাবধায়ক সরকার নয়; এটি একটি অন্তর্বর্তী সরকার। যারা একে তত্ত্বাবধায়ক সরকার হিসেবে ব্যাখ্যা করছেন, তারা ভুল ব্যাখ্যা দিচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।
দেশের ভবিষ্যৎ নির্মাণে জনগণের ভূমিকার কথা তুলে ধরে আলী রীয়াজ বলেন, “দেশ গড়ার দায়িত্ব জনগণের। জনগণকে একটি সুস্পষ্ট পথরেখা দেখাতে হবে।”
তিনি আরও বলেন, “এক ব্যক্তির ইচ্ছায় যেন আর কখনো দেশের মৌলিক অধিকার ধ্বংস না হয়—এই নিশ্চয়তা দিতেই জুলাই জাতীয় সনদ অপরিহার্য।”