আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দেশব্যাপী ব্যাপক প্রস্তুতি নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভোটাররা যেন নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যেই এই নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিজিবি জানায়, দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত সম্পূর্ণ নিরাপদ রেখে সারা দেশে ৩৭ হাজারেরও বেশি বিজিবি সদস্য মোতায়েন থাকবে।
সংস্থাটি জানায়, দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টি উপজেলায় বিজিবি নির্বাচনি দায়িত্ব পালন করবে। এ ছাড়া সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনি নিরাপত্তার দায়িত্বে থাকবে।
ঝুঁকি বিবেচনায় দেশের সব ৩০০টি সংসদীয় আসনেই বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। উপজেলা ভেদে ২ থেকে ৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকার কথা রয়েছে।
বিজিবি আরও জানায়, নির্বাচনকালীন যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় তাদের র্যাপিড অ্যাকশন টিম (আরএটি) প্রস্তুত থাকবে। পাশাপাশি হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ) দ্রুত সাড়া দেওয়ার জন্য সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।
নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে বিশেষায়িত কে-নাইন ডগ স্কোয়াড ইউনিটও মোতায়েন থাকবে বলে জানায় সংস্থাটি।