জালিয়াতির ক্ষেত্রে বাংলাদেশ বর্তমানে বিশ্বচ্যাম্পিয়ন হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, বাংলাদেশকে আর জালিয়াতির কারখানায় পরিণত করা যাবে না; বরং মানুষের সহায়ক একটি রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে সবার মানসিকতার পরিবর্তন প্রয়োজন।
বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) আয়োজিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো–২০২৬-এর উদ্বোধন এবং ‘বাংলাদেশ ইনোভেশন চ্যালেঞ্জ’-এর ওয়েবসাইট ও লোগো উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ বর্তমানে জালিয়াতির নানা ঘটনায় বিশ্বে নেতিবাচকভাবে পরিচিত হয়ে উঠেছে। ভিসা, পাসপোর্ট, শিক্ষা সনদ, ব্যাংক সার্টিফিকেটসহ বিভিন্ন ক্ষেত্রে ভুয়া কাগজপত্র ব্যবহারের কারণে বহু দেশ বাংলাদেশি নাগরিকদের প্রবেশাধিকার দিচ্ছে না। তিনি বলেন, জালিয়াতি করতে যে সৃজনশীলতা লাগে, তা যদি সঠিক কাজে ব্যবহার করা যেত, তবে দেশ অনেক দূর এগিয়ে যেতে পারত।
ড. ইউনূস বলেন, প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে যদি নৈতিকতা ও স্বচ্ছতা নিশ্চিত না করা যায়, তাহলে সেই প্রযুক্তি জালিয়াতির হাতিয়ারে পরিণত হবে। তাই গোড়া থেকেই এই অনিয়ম বন্ধ করতে হবে।
বিদেশে ভিসা জটিলতার উদাহরণ তুলে ধরে তিনি বলেন, জাল সনদের কারণে বাংলাদেশি মেরিনারসহ অনেক পেশাজীবী বৈষম্যের শিকার হচ্ছেন। এসব বাস্তবতা থেকে বেরিয়ে এসে বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, সরকার তরুণদের উদ্যোক্তা হওয়ার সুযোগ সৃষ্টি করবে এবং বাংলাদেশকে জালিয়াতিমুক্ত, মানবিক ও সহায়ক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করবে।