আমজাদ শিবলু: সেনবাগ উপজেলা প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগ উপজেলায় কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে মো. জাকির হোসেন (২২) নামে এক স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু হয়েছে। রোববার দিবাগত সোমবার রাত ১টার দিকে ঢাকায় নেওয়ার পথে কুমিল্লা এলাকায় তার মৃত্যু হয়।
জাকির হোসেন সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের পশ্চিম লালপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মো. রফিকের ছেলে এবং কাবিলপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের একজন সক্রিয় কর্মী ছিলেন।
জানা গেছে, প্রায় এক মাস আগে তাকে একটি কুকুর কামড় দেয়। বিষয়টি তিনি গুরুত্ব দেননি এবং তখন কোনো চিকিৎসা নেননি। রোববার সকালে হঠাৎ তার শরীরে অসুস্থতা দেখা দিলে পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পারেন।
পরে স্থানীয়দের সহায়তায় তাকে প্রথমে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন।
ঢাকায় নেওয়ার পথে কুমিল্লা এলাকায় তিনি মারা যান। সোমবার সকালে নিজ বাড়িতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে পরিবার, স্বজন ও দলীয় নেতাকর্মীদের মধ্যে গভীর শোক নেমে এসেছে।