জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে এখন পর্যন্ত ১৪টি কেন্দ্রের ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ঘোষিত ফলাফলে সহ-সভাপতি (ভিপি) পদে মোট ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্যানেল।
বুধবার (৭ জানুয়ারি) সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়-এর কেন্দ্রীয় অডিটোরিয়ামে পর্যায়ক্রমে ফল ঘোষণা শুরু হয়। প্রকাশিত ফল অনুযায়ী, ভিপি পদে ছাত্রদল সমর্থিত প্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন মোট ১ হাজার ৬৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্রার্থী মো. রিয়াজুল ইসলাম পেয়েছেন ১ হাজার ৪২৪ ভোট। এতে ভিপি পদে রাকিব ২৪৯ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন।
অন্যদিকে সাধারণ সম্পাদক (জিএস) ও সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে এগিয়ে আছে ছাত্রশিবির সমর্থিত প্যানেল। জিএস পদে শিবির সমর্থিত আব্দুল আলিম আরিফ পেয়েছেন ১ হাজার ৫৮৭ ভোট, যেখানে ছাত্রদল সমর্থিত খাদিজাতুল কুবরা পেয়েছেন ৭৯৩ ভোট।
এজিএস পদে শিবির সমর্থিত মাসুদ রানা পেয়েছেন ১ হাজার ৪৬৬ ভোট এবং ছাত্রদল সমর্থিত বি এম আতিকুর রহমান তানজিল পেয়েছেন ১ হাজার ২৯৭ ভোট।
উল্লেখ্য, ভোট গণনা প্রক্রিয়া শুরু হওয়ার পর যান্ত্রিক ত্রুটির কারণে দীর্ঘ সময় তা স্থগিত ছিল। পরে ম্যানুয়াল ও মেশিন উভয় পদ্ধতিতে পুনরায় গণনা শুরু হয়। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত পৌনে ১টার দিকে ভোট গণনা পুনরায় শুরু হয় এবং বুধবার সকাল সাড়ে ৭টার দিকে প্রথম ফল ঘোষণা করা হয়। বাকি কেন্দ্রগুলোর ফল পর্যায়ক্রমে ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।