বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর–কাঠালিয়া) আসনে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন ড. ফয়জুল হক। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তার মনোনয়ন নিশ্চিত করা হয়। এর আগে গত ২৬ নভেম্বর দলীয় প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছিল।
মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় ড. ফয়জুল হক বলেন, দাঁড়িপাল্লার প্রতীক পেয়ে তিনি গর্বিত ও অনুপ্রাণিত। তার লক্ষ্য ঝালকাঠি-১ আসনকে উন্নয়ন, সুশাসন এবং সত্য ও ন্যায়ের রাজনীতির একটি মডেল হিসেবে গড়ে তোলা। তিনি জানান, দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত প্রশাসন নিশ্চিত করা, যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি, রাজাপুর–কাঠালিয়া অঞ্চলে নদীভাঙন রোধ, যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন এবং জরুরি অ্যাম্বুলেন্স সেবা চালু করা তার প্রধান অঙ্গীকার।
ড. ফয়জুল হক আরও বলেন, তিনি কোনো একক দলের নয়; সব ধর্ম ও সব শ্রেণি-পেশার মানুষের প্রতিনিধি হয়ে কাজ করতে চান। নির্বাচনী প্রচারণায় ভিন্ন রাজনৈতিক মতের মানুষের সঙ্গেও কুশল বিনিময় করছেন তিনি।
জেলা জামায়াতের নেতারা জানিয়েছেন, জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা বিবেচনায় তাকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। তাদের প্রত্যাশা, ড. ফয়জুল হকের নেতৃত্বে ঝালকাঠি-১ আসনে ন্যায়ের রাজনীতি ও জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।