অন্তর্বর্তী সরকারের মেয়াদের মধ্যেই শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করা হবে বলে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, হাদি হত্যা মামলায় এখন পর্যন্ত মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে রয়েছেন ঘটনার মূল হোতা ফয়সাল করিম মাসুদের বাবা হুমায়ুন কবির, মা হাসি বেগম, স্ত্রী শাহেদা পারভীন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু, বান্ধবী মারিয়া আক্তার লিমা, মো. কবির, নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জ্বল, সিভিয়ন ডিউ, সঞ্জয় চিসিম, মো. আমিনুল ইসলাম রাজু এবং মো. আব্দুল হান্নান।
তিনি জানান, গ্রেফতারদের মধ্যে ছয়জন ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং চারজন সাক্ষীও একই ধারায় আদালতে সাক্ষ্য প্রদান করেছেন। মামলায় উল্লেখযোগ্য আলামত হিসেবে দুটি বিদেশি পিস্তল, ৫২ রাউন্ড গুলি, ম্যাগাজিন, ছোরা, হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল ও ভুয়া নম্বর প্লেট, গুলির খোসা, বুলেট, সিসিটিভি ফুটেজ এবং প্রায় ৫৩টি ব্যাংক অ্যাকাউন্টের ২১৮ কোটি টাকার স্বাক্ষরিত চেক জব্দ করা হয়েছে।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, প্রাপ্ত তথ্য, সাক্ষ্য ও আলামত বিশ্লেষণ করে মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। আগামী ১০ দিনের মধ্যে, অর্থাৎ ৭ জানুয়ারি ২০২৬-এর মধ্যে চার্জশিট দেওয়া সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।