ফরহাদ ও মহিউদ্দীনের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) আরেক নেত্রী বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। ডাকসুর গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সানজিদা আহমেদ তন্বী বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক পোস্টে তার বিয়ের খবর জানান।
জানা গেছে, তন্বীর জীবনসঙ্গীর নাম জিহাদ আবদুল্লাহ। তিনি পেশায় সাংবাদিক।
ফেসবুক পোস্টে তন্বী লেখেন, কিছু সম্পর্ক খুব স্বাভাবিকভাবে গড়ে ওঠে—মনে হয় যেন সবকিছু আগে থেকেই নির্ধারিত ছিল। বন্ধুদের সঙ্গে প্রথম আড্ডা, ছোট ছোট বিষয়ে একসঙ্গে আনন্দ খুঁজে পাওয়া, হঠাৎ করে মুহূর্তের বদলে যাওয়া—এসব সাধারণ ঘটনাই ধীরে ধীরে গভীর স্মৃতিতে রূপ নেয়। কখন প্রেমে পড়েছেন তা স্পষ্ট মনে না থাকলেও, কখন বুঝেছেন তিনিই তার কাঙ্ক্ষিত মানুষ—সেই মুহূর্তটি তার কাছে পরিষ্কার।
তিনি আরও লেখেন, সময়ের সঙ্গে সঙ্গে ভালোবাসা সবচেয়ে নিখাদভাবে প্রমাণিত হয়েছে। ভয়, অনিশ্চয়তা কিংবা জীবনের ভারী মুহূর্তে পাশে থাকার যে নিশ্চয়তা—তা তাকে গভীর শান্তি ও শক্তি দেয়। শেষ পর্যন্ত জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটি নেওয়ার কথা জানিয়ে তিনি প্রতিশ্রুতি দেন, জীবনের প্রতিটি দিনে বারবার একই মানুষকেই বেছে নেবেন।
উল্লেখ্য, গত বছরের ১৫ জুলাই বিকেলে ছাত্রলীগের হামলায় আহত হয়েছিলেন সানজিদা আহমেদ তন্বী। রক্তাক্ত অবস্থায় তার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় এবং ছাত্র আন্দোলনে ব্যাপক অনুপ্রেরণা জোগায়। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে তিনি (স্বতন্ত্র) প্রার্থী হিসেবে বিজয়ী হন। ওই নির্বাচনে তিনি ১১ হাজার ৭৭৭ ভোট পান।