গুরুতর অসুস্থতা নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ঘিরে সারাদেশে দোয়া ও প্রার্থনার ঢল নেমেছে। হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন সাবেক এই প্রধানমন্ত্রীর প্রতি মানুষ দল–মত–ধর্ম–বর্ণের ঊর্ধ্বে উঠে সমানভাবে উদ্বেগ প্রকাশ করছে।
এ অবস্থায় গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও দলটির কেন্দ্রীয় নেতা ফজলুল হক মিলন নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে খালেদা জিয়াকে নিয়ে একটি আবেগঘন পোস্ট দেন, যা মুহূর্তেই ব্যাপক আলোচনায় আসে। পোস্টটি দলীয় নেতার ব্যক্তিগত মমত্ববোধ, শ্রদ্ধা ও গভীর উদ্বেগকে স্পষ্ট করেছে বলে মন্তব্য করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
মিলন লেখেন, “হে পরওয়ারদিগার, আজ আমি তোমার দরবারে দাঁড়িয়েছি এক টুকরো ভাঙা হৃদয় নিয়ে। আমার কণ্ঠ কেঁপে উঠছে, চোখ ঝাপসা হয়ে যাচ্ছে। কারণ যার জন্য প্রার্থনা করছি, তিনি শুধু একজন নেত্রী নন—তিনি এই জাতির এক মমতাময়ী আলোর নাম, আমাদের প্রিয় বেগম খালেদা জিয়া।”
তিনি আরও লিখেন, “যে ব্যথা তার দেহ ভারি করে তুলেছে, তুমি সে ব্যথা লাঘব করো। যে দুশ্চিন্তায় তাঁর রাতের ঘুম নষ্ট, সেখানে শান্তির ছায়া দাও। আল্লাহ, তুমি চাইলে মানুষ মৃত্যুর দ্বার থেকেও ফিরে আসে।”
নিজেকে অসহায় বান্দা উল্লেখ করে মিলন প্রার্থনা করেন, “আমি যেন নেত্রীকে নিয়ে আরও দীর্ঘদিন মানুষের সেবা করতে পারি—এই তাওফিক দিন।”
৮১ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনি জটিলতাসহ বিভিন্ন দীর্ঘমেয়াদি রোগে ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এর আগেও তিনি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাতায়াত করছিলেন।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশজুড়ে দোয়া মাহফিল ও প্রার্থনার উদ্যোগ নেওয়া হয়েছে এবং নেতাকর্মীসহ সাধারণ মানুষের কাছে তার আরোগ্য কামনায় দোয়া চাওয়া হচ্ছে।