অন্তর্বর্তী সরকার দায়িত্বকালে একটি ভালো দৃষ্টান্ত স্থাপন করে যেতে চায়—এমনই মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
সোমবার (২৪ নভেম্বর) সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে ই-পারিবারিক আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি জানান, জনগণের সেবাকে দ্রুত, স্বচ্ছ ও সহজ করতে এই ই-পারিবারিক আদালত চালু করা হয়েছে। এই উদ্যোগ দীর্ঘদিন ধরে চালু রাখা গেলে বিচারব্যবস্থায় একটি বড় পরিবর্তন—একটি ‘বিপ্লব’—ঘটবে। কারণ এর মাধ্যমে দেশের মানুষ কাগজবিহীন, আধুনিক ও প্রযুক্তিনির্ভর বিচারসেবায় প্রবেশ করতে পারবে।
বিশেষ করে নারী ও শিশু যারা নির্যাতনের শিকার, তাদের জন্য এ ব্যবস্থা বড় সম্ভাবনা তৈরি করবে বলেও তিনি উল্লেখ করেন।
সৈয়দা রিজওয়ানা হাসান আরও বলেন,
“আমাদের সরকারের হাতে এখন দুই-আড়াই মাস সময় আছে। এই সময়ে আমরা চাই দেশের মানুষের জন্য একটি ভালো দৃষ্টান্ত রেখে যেতে।”