দুর্গাপুর,নেত্রকোণা প্রতিনিধি
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় ২৮০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮৪ হাজার টাকা।
আটক ব্যক্তিরা হলেন— উপজেলার কেরনখলা গ্রামের মো. আক্কাছ আলীর ছেলে মো. ফজলু মিয়া (২৬) এবং রামনগর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে মো. ফজলুল হক (২৫)।
মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে সোমবার (৩ নভেম্বর) রাত ৮টার দিকে থানার উপপরিদর্শক (এসআই) মো. রাসেল পারভেজের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। উপজেলার মউ গ্রামের জানিরগাঁও বাজারসংলগ্ন মাছ মহলের সামনের রাস্তায় ইয়াবা ট্যাবলেট বেচাকেনার সময় তাদের হাতেনাতে আটক করা হয়।
এসআই রাসেল পারভেজ জানান, এ ঘটনায় তিনি নিজেই বাদী হয়ে আটক দুজনের বিরুদ্ধে মামলা করেছেন।