রোকুনুজ্জামান, জবি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের শিক্ষার্থীদের জন্য ফার্স্ট এইড বক্স সরবরাহ ও প্রশিক্ষণ প্রদান করেছে ইসলামী ছাত্রশিবির জবি শাখা।
সোমবার (৩ নভেম্বর) দুপুর ২টায় ইসলামিক স্টাডিজ বিভাগের ১০১২ নম্বর কক্ষে অনুষ্ঠানটি আয়োজিত হয়।
অনুষ্ঠানে মূল প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ডা. ইমরান হোসেন রিফাত, এমবিবিএস (ঢাকা মেডিকেল কলেজ) ও এমডি রেসিডেন্ট, বাংলাদেশ মেডিকেল কলেজ (পিজি হাসপাতাল)। সহকারী প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মো. মোজাম্মেল হক রিফাত ও মো. ফরিদুল ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাখা শিবির সেক্রেটারি আব্দুল আলীম আরিফ এবং সভাপতিত্ব করেন শাখা সভাপতি মো. রিয়াজুল ইসলাম। এ সময় নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের প্রতিটি তলার ফ্লোর প্রতিনিধি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে তাদের মাঝে ফার্স্ট এইড বক্স বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা বলেন, এ ধরনের উদ্যোগ হলে অবস্থানরত ছাত্রীদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ও সময়োপযোগী। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে প্রশাসনও ছাত্রশিবিরের এই মানবিক কার্যক্রমে সহায়তা করবে।
গৃহীত এই উদ্যোগের বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক ছাত্রশিবিরের সভাপতি মো. রিয়াজুল ইসলাম বলেন,
“আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি, ছাত্রী হলে আমাদের ১০০০ এর বেশি বোন অবস্থান করছেন; কিন্তু সেখানে কোনো কার্যকর চিকিৎসা ব্যবস্থা নেই। ছোট একটি মেডিকেল রুম থাকলেও তা বর্তমানে অচল। আমরা প্রশাসনকে বারবার জানালেও তারা প্রয়োজনীয় উদ্যোগ নেয়নি। তাই প্রাথমিক চিকিৎসার প্রয়োজন হলে আমাদের বোনেরা যেন তাৎক্ষণিকভাবে সেবা নিতে পারে, সে লক্ষ্যে আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি।”