গণভোট নির্বাচনের আগে না পরে হবে, সে বিষয়ে এখনও নির্বাচন কমিশনের কাছে কোনো প্রস্তাব বা নির্দেশনা আসেনি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, “গণভোটের বিষয়টি এখনো আমাদের নজরে আসেনি। এ বিষয়ে সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার।”
শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে পটুয়াখালী সার্কিট হাউসে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ইসি আনোয়ারুল বলেন, “আগামী ফেব্রুয়ারিতে রমজান শুরুর আগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা ইতোমধ্যে নির্বাচনের কর্মপরিকল্পনা প্রকাশ করেছি। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।”
তিনি আরও বলেন, “গণভোট নির্বাচনের আগে হবে না পরে হবে— সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। সরকার কীভাবে প্রস্তুতি নিচ্ছে, তা আমাদের জানানো হয়নি। সিদ্ধান্ত হলে সবাইকে অবহিত করা হবে।”
পিআর ইস্যু নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটি সম্পূর্ণ রাজনৈতিক বিষয়। নির্বাচন কমিশন রাজনৈতিক সিদ্ধান্তের অপেক্ষায় আছে।”
নির্বাচন প্রস্তুতি প্রসঙ্গে তিনি জানান, “কমিশনের আইন অনুযায়ী শাপলা-কলিসহ কয়েকটি নতুন প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। যারা এখনো আন্দোলনে আছেন, তাদের বিষয়টিও আমাদের নজরে রয়েছে। আমরা গণমাধ্যমের সহযোগিতায় একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চাই।”
প্রবাসী ও কারাবন্দী ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতেও উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। “প্রবাসী ভোটারদের নিবন্ধন কার্যক্রম নভেম্বর থেকেই শুরু হবে। একই সঙ্গে কারাবন্দী ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রক্রিয়া নেওয়া হচ্ছে।”
এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, এবং প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।