রাজধানীর মেট্রোরেল সেবায় হঠাৎ দেখা দেওয়া কারিগরি ত্রুটির কারণে কারওয়ানবাজার থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার (২৯ অক্টোবর) রাত ৯টা ১০ মিনিটের দিকে এই ত্রুটি দেখা দেয়, ফলে এ রুটে যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছায়।
মেট্রোরেল এমআরটি-৬ এর উপপরিচালক (জনসংযোগ) আহসানউল্লাহ শরীফি বিষয়টি নিশ্চিত করে বলেন, “বিজয় সরণি-ফার্মগেট সেকশনে একটি ঝাঁকুনি অনুভূত হওয়ায় মেট্রোরেল চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।” তবে ত্রুটির প্রকৃতি বা পুনরায় চলাচল শুরুর সময় সম্পর্কে তিনি বিস্তারিত জানাতে পারেননি।
মেট্রোরেল পরিচালনার সঙ্গে যুক্ত একাধিক কর্মকর্তা জানান, রাত ৯টা ১০ মিনিটের দিকে ট্রেনে আকস্মিক ঝাঁকুনি হয়, এরপরই কর্তৃপক্ষ নিরাপত্তার স্বার্থে ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও আগারগাঁওয়ের পরবর্তী অংশে সব ট্রেন স্টেশনেই আটকে থাকে।
রাত ১০টা পর্যন্তও ওই অংশে মেট্রোরেল চলাচল বন্ধ ছিল বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ মেট্রো সেবা বন্ধ হয়ে যাওয়ায় শত শত যাত্রী স্টেশনে অপেক্ষায় ছিলেন। অনেকেই ভাড়া ফেরত নিয়ে বিকল্প যানবাহনের খোঁজে বের হন, কিন্তু রাতের বৃষ্টিতে এবং বাসে অতিরিক্ত ভিড়ে যাত্রীদের দুর্ভোগ আরও বেড়ে যায়।
কারওয়ানবাজার স্টেশনে অপেক্ষমাণ এক যাত্রী বলেন, “হঠাৎ ঘোষণা এলো যে কারিগরি ত্রুটির কারণে আগারগাঁও পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ। বাইরে তখন প্রবল বৃষ্টি, ফলে যাত্রীরা কোথাও যেতে পারছিলেন না।”
এ ঘটনায় মেট্রোরেল কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে। রাত পর্যন্ত চলাচল স্বাভাবিক না হওয়ায় রাজধানীর অনেক যাত্রী দীর্ঘ সময় অপেক্ষা ও দুর্ভোগের মুখে পড়েন।