রোকুনুজ্জামান, জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য জোবায়েদ হোসেনকে শেষ বিদায়ের পর তার নিজ গ্রাম কুমিল্লার হোমনা উপজেলায় দাফন করা হয়েছে।
২০ অক্টোবর (সোমবার) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষক, সহপাঠী ও সহকর্মীরা তার মরদেহে শেষ শ্রদ্ধা জানান। এরপর বিকেলে লাশবাহী গাড়ি নিয়ে যাত্রা করে পরিবারের সদস্যরা।
গ্রামের বাড়িতে গাড়ির সাইরেন থামতেই পুরো এলাকায় নেমে আসে শোকের নিস্তব্ধতা। সাদা কাফনে মোড়ানো জোবায়েদের মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন স্বজন ও এলাকাবাসী।
সোমবার সন্ধ্যা ৭টার দিকে হোমনা উপজেলার কলাগাছিয়া এম এম উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ,
হোমনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আক্তার হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। জানাজা শেষে জোবায়েদকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
পুলিশ ও পরিবারের সূত্রে জানা যায়, ১৯ অক্টোবর (রোববার) সন্ধ্যায় বংশাল থানার নুর বক্স লেনের একটি বাসায় টিউশনি করতে যান জোবায়েদ। পরে ভবনের তৃতীয় তলার সিঁড়িতে রক্তাক্ত অবস্থায় তার নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে বংশাল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
জোবায়েদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। তিনি কুমিল্লা জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।