আবু তাহের, ক্যাম্পাস সংবাদদাতা, জাককানইবি
বজ্রপাতে নিহত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী রাসেদুল ইসলামের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে বিভাগের সেমিনার লাইব্রেরির নামকরণ করা হয়েছে তার নামানুসারে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিভাগে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সেমিনার লাইব্রেরির নামফলক উন্মোচন করেন রাসেদের পিতা-মাতা। এসময় বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. জিল্লুর রহমান পল বলেন, রাসেদ আমাদের অত্যন্ত প্রিয় শিক্ষার্থীদের একজন। তার অকাল মৃত্যুতে আমরা মর্মাহত। রাসেদের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে বিভাগের শিক্ষার্থীরা সেমিনার লাইব্রেরির নামকরণের বিষয়ে প্রস্তাব জানিয়েছিলো।
পরবর্তীতে ১২ অক্টোবর অনুষ্ঠিত বিভাগের একাডেমিক কমিটির ১২৯তম সভায় বিষয়টি চূড়ান্ত করা হয়। আজ রাসেদের পরিবার ক্যাম্পাসে এসেছিলো, তাদের উপস্থিতিতেই ‘মো. রাসেদুল ইসলাম স্মৃতি সেমিনার লাইব্রেরি’ উদ্বোধন করা হয়।
রাসেদের পিতা মোঃ রাহিনুর ইসলাম বলেন, আমার ছেলের প্রতি আপনাদের সকলের এরকম ভালোবাসার জন্য আমরা কৃতজ্ঞ। রাসেদের জন্য সবাই দোয়া করবেন।
জানা গেছে, গত ৫ অক্টোবর দুপুরে রাসেদের নিজ এলাকা কুমিল্লার হোমনা উপজেলার ঘাঘুটিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে বজ্রপাতের এই ঘটনা ঘটে। নিহত রাসেদের বাড়ি কুমিল্লার দুলালপুর ইউনিয়নের পাথালিয়াকান্দি গ্রামে। জানা যায়, বিশ্ববিদ্যালয়ে আসার জন্য কুমিল্লার উজানচর-ঘাঘুটিয়া খেয়া পারাপারের সময় আকস্মিক বজ্রপাতে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এসময় নৌকার আরও দুইজন নারীও মৃত্যুবরণ করেন।