জিয়াউর রহমান, পিরোজপুর
মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ এর অংশ হিসেবে পিরোজপুরের কাউখালিতে অবৈধভাবে ইলিশ মাছ ধরার অপরাধে এক জেলেকে ১৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১১ অক্টোবর) সকালে কাউখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথের নেতৃত্বে কঁচা নদীতে অভিযান চালিয়ে ওই জেলেকে আটক করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে এ সাজা দেওয়া হয়।
সাজাপ্রাপ্ত জেলের নাম বেল্লাল ফকির (৩৫)। তিনি কাউখালী উপজেলার বেকুটিয়া গ্রামের আলতাফ ফকিরের ছেলে।
অভিযান সূত্রে জানা যায়, মা ইলিশ সংরক্ষণে সরকারের জারি করা নিষেধাজ্ঞা উপেক্ষা করে বেল্লাল ফকির কঁচা নদীতে ইলিশ মাছ ধরছিলেন। এ সময় মৎস্য বিভাগের সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে আটক করা হয়।
কাউখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ বলেন,
“নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে এক জেলেকে ১৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। মা ইলিশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, মা ইলিশ সংরক্ষণে সরকার ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ মাছ ধরা, বিক্রি, পরিবহন ও মজুদে নিষেধাজ্ঞা জারি করেছে। এরই ধারাবাহিকতায় সারাদেশে প্রশাসনের উদ্যোগে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।