আতিকুর রহমান,রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে নবাব সিরাজউদ্দৌলার সাজে ব্যতিক্রমধর্মী প্রচারণা চালিয়ে নজর কেড়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’-এর সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদপ্রার্থী আব্দুল্লাহ আল কাফী। ঐতিহ্যবাহী পোশাকে ক্যাম্পাসে প্রচারণায় অংশ নিয়ে তিনি শিক্ষার্থীদের সচেতনতার বার্তা দিচ্ছেন এবং বাংলার সংস্কৃতির পুনর্জাগরণের আহ্বান জানাচ্ছেন।
আব্দুল্লাহ আল কাফী বলেন, “ভোটারদের কাছে নবাব সিরাজদৌলার বেশে আসছি, শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করছি বাংলার সংস্কৃতি আবারো চলমান থাকুক। আপনারা আবার একটু সচেতন হোন। নবাব সিরাজদৌলা পলাশী প্রান্তরে যেভাবে পরাজিত হয়েছিল, সেভাবে বাংলার সংস্কৃতিকে আর পরাজিত হতে দেওয়া যাবে না। আমাদের নিজ নিজ জায়গা থেকে সোচ্চার থাকতে হবে।”
তিনি আরও বলেন, “ক্যাম্পাসে ট্যাগিং-এর যে কালচারটা, এটা ট্যাগিং না, এটা হচ্ছে অপসংস্কৃতি। এই অপসংস্কৃতিকে রুখে দিতেই আমাদের আবার সংস্কৃতির উত্থান ঘটাতে হবে। রাকসুতে আমি সংস্কৃতি সম্পাদক পদে নির্বাচিত হলে, সকল আধিপত্যবাদী সংস্কৃতিকে রুখে দিয়ে উত্তর ও পশ্চিমাঞ্চলের নৃতাত্ত্বিক সংস্কৃতিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চর্চার কেন্দ্রবিন্দু হিসেবে প্রতিষ্ঠা করব।”
উল্লেখ্য, পূর্নবিন্যাসিত তফসিল অনুযায়ী আগামী ১৬ অক্টোবর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।