জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আইনগতভাবেই শাপলা প্রতীক পাওয়ার যোগ্য বলে দাবি করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেছেন, “প্রতীক আদায়ের জন্য যদি রাজপথে নামতে হয় কিংবা আদালতে যেতে হয়, এনসিপি সেই পথেই যাবে।”
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় সদরের হাফিজাবাদ ইউনিয়নের একটি দুর্গা মন্দির পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, এনসিপি সবচেয়ে আগে ন্যায়বিচারের নিশ্চয়তা দেখতে চায়। তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠার মাধ্যমে মৌলিক সংস্কার বাস্তবায়ন জরুরি। “ন্যায়বিচার নিশ্চিত না হলে জনগণের আস্থা ফিরে আসবে না, তাই শাপলা প্রতীক আমাদের সাংগঠনিক পরিচয়ের পাশাপাশি ন্যায়ের প্রতীক হিসেবেও গুরুত্বপূর্ণ।”
তিনি ভারতীয় মিডিয়ার ভূমিকাও সমালোচনা করেন। তার দাবি, “ভারতীয় মিডিয়া একটি প্রপাগান্ডা সেল গড়ে তুলে দেশে গুজব ছড়িয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে।” তিনি আরও বলেন, মন্দিরের যে খাস জমিতে প্রতিমা বিসর্জন হয়, সেই জমি বহু বছর ধরে ব্যবহার হয়ে আসছে। অথচ কিছু প্রভাবশালী ব্যক্তি ভূয়া জাল দলিল তৈরি করে এসব জমি দখলের চেষ্টা করেছে।
সারজিস অভিযোগ করেন, অতীতে ক্ষমতাসীনরা নিজেদের স্বার্থে সনাতন ধর্মাবলম্বীদের ব্যবহার করেছে। তিনি বলেন, “এনসিপি বৈষম্যহীন সমাজ গড়তে চায়। সেই লক্ষ্য পূরণে প্রতীক, ন্যায়বিচার এবং সংস্কারের দাবিতে প্রয়োজন হলে রাজপথ বা আদালত—যে পথেই হোক এনসিপি লড়াই করবে।”